রাত দুটোর আগুন’ কেড়ে নিল সব!

আনোয়ারায ক্ষতিগ্রস্ত তিন পরিবার, পুড়ে গেল প্রায় ৯ লাখ টাকার মালামাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৮:৫৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার আলীমিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত দুইটার দিকে হঠাৎ একটি ঘরে আগুনের শিখা দেখতে পান বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন-হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার জামাল আহমদ (৫৫), নজরুল ইসলাম ওরফে সোনা মিয়া (৪৫) এবং আবুল মনসুর (৩২)।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জামাল আহমদ বলেন, রাত দুইটার দিকে হঠাৎ ঘরে আগুন দেখতে পাই। পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পাই। স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া পাশের আরও দুটি পরিবারের প্রত্যেকের প্রায় দুই লাখ টাকা করে ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তিন পরিবারের প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তাঁর ভাষ্যমতে, আগুনে এই তিন পরিবারের আনুমানিক তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আশপাশের আরও অন্তত ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি