চমেক হাসপাতালে ডায়ালাইসিস বন্ধ হতে দেবে না চসিক, প্রয়োজনে মিলবে অর্থ সহায়তা

চমেক কান্তা ছাত্রী নিবাসে লাউঞ্জ ও প্রার্থনা কক্ষ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৪:২০

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা ব্যাহত হতে দেওয়া হবে না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

রোগীদের স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সিটি কর্পোরেশনের তহবিল থেকেও আর্থিক সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে আবাসিক ছাত্রীদের সুবিধার্থে নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন। চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং চমেকের প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই) সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় এই নতুন স্থাপনা দুটি নির্মিত হয়েছে।

বক্তব্যে চসিক প্রশাসক বলেন, ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন কোনোভাবেই বন্ধ না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে রোগীদের প্রয়োজনীয় সেবা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া না গেলে চসিকের পক্ষ থেকে অর্থায়নের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

চিকিৎসাসেবার দীর্ঘমেয়াদি সমাধানের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে-অর্থাৎ ২০২৭ সালের জুন-জুলাই নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতি ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে ডা. শাহাদাত হোসেন বলেন, এই প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করায় চমেকের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং রোগীদের সেবার মানোন্নয়নকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

তিনি আরও জানান, চমেক ও হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় চসিক ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। বহির্ভাগের পরিচ্ছন্নতা নিশ্চিতে ১০ জন নতুন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হয়েছে এবং একই সঙ্গে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, অবকাঠামো নির্মাণই কোনো প্রতিষ্ঠানের প্রকৃত উন্নয়ন নয়, এর সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

একইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত চমেকের প্রাক্তন শিক্ষার্থীদের আবেগীয় বন্ধনকে কাজে লাগিয়ে চমেকের উন্নয়নে তাঁদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. ফয়েজ উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. কামরুন নেছা রুনা, ডা. রাশেদা সামাদ, ডা. বাসনা মুহুরী, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী এবং ডা. ইমরোজ উদ্দিনসহ চমেকের শিক্ষকমণ্ডলী, চিকিৎসক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি