এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার, ঘরে বসেই জানা যাবে মেসেজ ও ওয়েবসাইটে

পুনর্নিরীক্ষণ শুরু ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৪৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শনিবার (৩১ অক্টোবর)। সেদিন সকাল ১১টায় একযোগে সারাদেশে এই ফলাফল ঘোষণা করা হবে।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা ঘরে বসেই সহজে ফল সংগ্রহ করতে পারবেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবেন।

ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে খুদে বার্তার (SMS) মাধ্যমেও দ্রুত ফল জানা যাবে। এজন্য যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর এবং তা পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

(উদাহরণ: চট্টগ্রাম বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল ১২৩৪৫৬ হলে তাকে পাঠাতে হবে HSC CHI 123456 2026)।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা নিজ নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকেই প্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে-শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।

প্রকাশিত ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চাইলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) ঢুকে অনলাইনে এ আবেদন সম্পন্ন করতে হবে।

এদিকে, ফলাফল প্রকাশের দিন সার্বিক পরিসংখ্যান ও তথ্য উপস্থাপন করতে ৩১ অক্টোবর সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৯ম তলার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি