এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন পরীক্ষার্থীরা, পথেই ঘাতক যান কেড়ে নিল সিএনজি অটোরিকশা চালকের প্রাণ। মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন এইচএসসি পরীক্ষার্থীসহ মোট আটজন।
আজ বুধবার দুপুরে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালকের নাম মো. এরশাদ (৩৫)। তিনি উপজেলার সরকারহাটের উত্তর পাশের রজ্জকআলি চৌধুরী বাড়ির (১ নম্বর ওয়ার্ড) বাসিন্দা আলী হোসেনের ছেলে।
আহত পরীক্ষার্থীদের মধ্যে তৌসিফ আহমেদ রাফি ও এরফানুল আনোয়ার ফাহিমের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে নাজিরহাটমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সচ্ছন্দে মুখোমুখি ধাক্কা লাগে।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিতে থাকা পাঁচ এইচএসসি পরীক্ষার্থী ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। একই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে থাকা আরও তিনজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। অটোরিকশা চালক এরশাদকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়।
সিএনজির অটোরিকশায় থাকা ৫ পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, মাইক্রোবাসের আহত তিন যাত্রী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু হয়েছে এবং কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়ে চমেকে চিকিৎসাধীন।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


