চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগিচাহাটের উত্তরে খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি (চট্ট মেট্রো-ব ১১-১১৭০) খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
মুহূর্তের মধ্যে বাসটি উল্টে মহাসড়কের ওপর পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
উদ্ধার করা আহতদের তাৎক্ষণিকভাবে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগ দেখা দেয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার ও ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। তার ওপর সড়কে সামান্য বাঁক থাকায় ভোররাতে দ্রুতগতিতে আসা যানবাহনের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
সড়কে স্পিড লিমিট প্রয়োগ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।
দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


