আইআইইউসিতে স্বপ্নের সেমিস্টারেই চিরবিদায়: মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল মাইশার

সহপাঠীর নিথর দেহ চমেকে,শোকে স্তব্ধ ক্যাম্পাস-ক্লাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১২:৩২

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন তিন সহপাঠী। প্রতিদিনের মতো ক্লাসে যোগ দেওয়াই ছিল লক্ষ্য। কিন্তু মুহূর্তের এক মর্মান্তিক দুর্ঘটনাই কেড়ে নিল তরুণী মাইশা মুশফিরাতের (২১) জীবন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের বিপরীত পাশে, ডালাস পেট্রোল পাম্পের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মাইশার দুই সহপাঠীও গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মাইশা মুশফিরাত মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।

তিনি আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁদের ধাক্কা দেয়। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় মাইশাকে বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই ছাত্রীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এক উদীয়মান শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। সহপাঠীদের আকস্মিক বিদায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পরপরই এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস স্থগিত ঘোষণা করে আইআইইউসি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার শিকার হয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুতে আইআইইউসি পরিবার গভীর শোক প্রকাশ করছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে নিহত ছাত্রীর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত দুই ছাত্রীর চিকিৎসাসেবার বিষয়টিও নজরদারিতে রয়েছে বলে জানানো হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি