চট্টগ্রামের লোহাগাড়ায় একই সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ বটতলী লোহাগাড়া সিটি হাসপাতালে আনন্দের এক নতুন বার্তা নিয়ে জন্ম নেয় এই তিন নবজাতক।
বর্তমানে মা ও তিন সন্তান সবাই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বান্দরবান জেলার লামা উপজেলার কেয়াজুর পাড়া এলাকার বাসিন্দা মো. পারভেজ তার স্ত্রী চেনু আরা বেগমকে প্রসববেদনাসহ লোহাগাড়া সিটি হাসপাতালে ভর্তি করান।
পরে হাসপাতালের শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ নাসিমা আক্তারের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব কার্যক্রম সম্পন্ন হয়।
চিকিৎসক ডা. কানিজ নাসিমা আক্তার জানান, অত্যন্ত আনন্দের বিষয় হলো কোনো জটিলতা ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়েছে। বর্তমানে মা চেনু আরা বেগম এবং তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ আছেন।
এদিকে, একই সঙ্গে তিন সন্তানের জন্মের খবরে লোহাগাড়া ও লামা এলাকায় এক দারুণ কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে।
খবর শুনে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনরা নবজাতকদের এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় জমাচ্ছেন।
স্থানীয়রা নবজাতক তিনটির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


