কক্সবাজার দেখে ফেরা হলো না চাঁদপুরে, লোহাগাড়ায় সড়কে দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮

লোহাগাড়া প্রতিনিধি : কক্সবাজারের সমুদ্র দেখার উদ্দ্যেশে মোটরসাইকেল নিয়ে চাঁদপুর থেকে ঘুরতে আসা দুই তরুণ ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাকের মুখোমুখি ধাক্কায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের পুত্র ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই থানার শাহার পাড়া এলাকার মিজান পাটোয়ারীর পুত্র মাহি উদ্দিন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে চাঁদপুরের দিকে ফিরছিলেন তৌহিদ ও মাহি। পথিমধ্যে ঠাকুরদিঘী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মিনিট্রাকের সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আকস্মিক এই সংঘর্ষে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাইকচালক তৌহিদ। এদিকে গুরুতর আহত অবস্থায় মাহিউদ্দিনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি, কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই মিনিট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

দুর্ঘটনা কবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পলাতক চালককে গ্রেফতারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তরুণদের এমন আকস্মিক মৃত্যুতে চাঁদপুরের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান