কমিটির তোয়াক্কা না করে ১৭৪ নকশা অনুমোদন-ফাঁসলেন বাঁশখালীর সাবেক মেয়র

দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৬:৪৬

সরকারি নির্দেশনা অমান্য করে এবং নির্ধারিত কমিটির সুপারিশ ছাড়াই একক ক্ষমতাবলে ১৭৪টি ভবনের নকশা অনুমোদনের অভিযোগে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র এস এম তোফাইল বিন হোছাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় (সজেকা)-২ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের বিরুদ্ধে অনুসন্ধান শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর মামলা করার সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ৫ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি দায়েরের অনুমোদন দেওয়া হয়। অনুসন্ধানকারী কর্মকর্তার বদলিজনিত কারণে উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহকে এজাহার দায়েরের নির্দেশ দেওয়া হয়েছিল।

আসামির বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় ক্ষমতার অপব্যবহার ও অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত চলাকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আমলযোগ্য অপরাধের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এস এম তোফাইল বিন হোছাইন ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ১৮ আগস্ট পর্যন্ত বাঁশখালী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এই মেয়াদে তিনি মোট ২৬৭টি ইমারত ও স্থাপনার নকশা অনুমোদন দেন।

স্থানীয় সরকার বিভাগের ২০১৭ সালের ২২ জুনের একটি পরিপত্র অনুযায়ী, পৌরসভায় ইমারত ও স্থাপনার নকশা অনুমোদন এবং ভবনের গুণগত মান নিশ্চিত করতে মেয়রকে সভাপতি করে ১১ সদস্যের একটি কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে।

এই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই কেবল নকশা অনুমোদনের নিয়ম। পরিপত্রে আরও বলা হয়, প্রতি তিন মাসে কমিটির অন্তত একটি সভা অনুষ্ঠিত হতে হবে।

তবে অনুসন্ধানে দেখা যায়, তোফাইল বিন হোছাইন তাঁর দায়িত্ব পালনকালে নিয়ম ভেঙে মাত্র দুটি সভা ডাকেন-একটি ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর এবং অপরটি ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি। ওই দুটি সভায় মোট ৮৯টি ভবনের নকশা অনুমোদন করা হয়।

কিন্তু পরিপত্রের নিয়ম তোয়াক্কা না করে বাকী ১৭৪টি নকশা অনুমোদনের ক্ষেত্রে কোনো কমিটির সুপারিশই নেওয়া হয়নি।

দুদকের অভিযোগে বলা হয়, সাবেক মেয়র এককভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান হওয়া কিংবা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে পরিপত্র লঙ্ঘন করে এই নকশাগুলো অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ নভেম্বর বাঁশখালী পৌরসভার তৎকালীন মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

সেই অনুসন্ধানের ধারাবাহিকতায় পরবর্তী মেয়র তোফাইল বিন হোছাইনের আমলেও নকশা অনুমোদনে এমন বড় ধরনের অনিয়মের চিত্র সামনে আসে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি