সিএমপির চান্দগাঁও ও বায়েজিদ থানার ওসির চেয়ার হঠাৎ অদলবদল!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৯:২০

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আইনশৃঙ্খলা ও প্রশাসনিক চালচিত্রে নতুন করে লেগেছে পরিবর্তনের হাওয়া।

নগরীর গুরুত্বপূর্ণ দুই প্রশাসনিক থানা-বায়েজিদ বোস্তামী ও চান্দগাঁওয়ের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে আনা হয়েছে সরাসরি মুখোমুখি রদবদল।

বায়েজিদের ওসি এখন চান্দগাঁওয়ের কান্ডারী, আর চান্দগাঁওয়ের ওসি গিয়েছেন বায়েজিদ সামলাতে!

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষর করা এক আদেশে প্রশাসনিক এই তাৎক্ষণিক সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বে থাকা ওসি ইখতিয়ার উদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে চান্দগাঁও থানায়। একই সঙ্গে চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিনকে স্থলাভিষিক্ত করা হয়েছে বায়েজিদ বোস্তামী থানায়।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ এই রদবদলের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিএমপিতে এই পরিবর্তনের হাওয়া অবশ্য এবারই প্রথম নয়। এর মাত্র কয়েক সপ্তাহ আগে, গত ৭ অক্টোবরও নগর পুলিশের একাধিক থানায় বড় ধরনের পুনর্বিন্যাস করা হয়েছিল।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে পদোন্নতিমূলক দায়িত্ব দিয়ে আকবরশাহ থানার ওসি করা হয়।আকবরশাহ থানার তত্কালীন ওসি মো. কামরুজ্জামানকে বদলি করা হয়েছিল খুলশী থানায়। খুলশী থানার তৎকালীন ওসি আবদুর রহিমকে প্রথমে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়।

তবে তার ঠিক পরদিনই (৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পৃথক আদেশে তাকে সিটিএসবি থেকে সরাসরি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়।

নগর নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতেই এই ধারাবাহিক রদবদল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি