চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে খুলশীর ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, খুলশী থানার ওসি মো. আবদুর রহিম দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১০ দিনের মাথায় বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


