নগরের চকবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ এবং সরঞ্জামে ইঁদুরের মলমূত্র ও তেলাপোকার উপস্থিতি পাওয়ায় ‘জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, হোটেলটির রান্নাঘরে তেলাপোকার অবাধ বিচরণ, খোলা ডাস্টবিন, স্যাঁতসেঁতে ও ভাঙা মেঝে এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ পুডিং পাওয়া যায়।
এছাড়া নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুর ও তেলাপোকার মলমূত্র, অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ, পানীয় পানের স্ট্রতে ময়লা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অননুমোদিত রাসায়নিক ব্যবহারের মতো মারাত্মক অনিয়ম ধরা পড়ে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম জানান, খাদ্য তৈরি ও সংরক্ষণের এই গুরুতর অনিয়মগুলো জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ৩৩ ধারায় হোটেল মালিককে এই জরিমানা করা হয়েছে।
সাধারণ ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


