back to top

চকবাজারের কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৮

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কাচ্চি ডাইন নামের রেস্টুরেন্টে অভিযানের সময় প্রতিষ্ঠানটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে।

এমনকি সেখানে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা।

এ ছাড়া ক্রয় রসিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে প্রতিষ্ঠানটিতে।

এসব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে জানান এ কর্মকর্তা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি