জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় দুদকের একটি বিশেষ দল পরিকল্পিত অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক ওই কর্মকর্তার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির কাজ করে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ফাঁদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক। এরই ধারাবাহিকতায় অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।
দুদকের তথ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন।
ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি। কিন্তু আবেদন করার প্রায় ছয় মাস পার হয়ে গেলেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি।
এ অবস্থায় মনিরুল একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
অভিযোগ রয়েছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল। পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানান।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর দুদক বিশেষ অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযানে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় আসাদুলকে আটক করা হয়।
দুদক জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত আসাদুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


