চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মুদি দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও সিগারেটসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তির বাজার এলাকায় ‘রতন স্টোর’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক রনি চৌধুরী জানান, প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান।
এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখেন, দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী, চোরেরা দোকান থেকে মোবাইল ব্যাংকিংয়ের জন্য রাখা নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, দুধ, চিনি, চা-পাতা এবং বিভিন্ন পানীয়সহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগী রনি চৌধুরী আরও জানান, এর আগেও গত ১৬ মার্চ একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। সেবার প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছিল। বারবার এমন চুরির ঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, চুরির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোকান মালিক।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


