কর্ণফুলীতে ১৪ মাসের শিশুকে দুই লাখে বিক্রি!

রাতে ফোনে ডেকে নেওয়া, সকালে গাছে ঝুলন্ত লাশ, পিতার হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৫:৪০

চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছার (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন তাঁর বাবা।

ছেলেকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এজাহারে অভিযোগ করেছেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।

তিনি জানান, এ ঘটনায় দায়ের করা মামলাটির নম্বর ১৮। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। গত রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। নিহতের বাবা আবদুর রহিম (৭০) বাদী হয়ে মামলাটি করেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ার উত্তর পাশে বাপ্পী দাশের গাছের বাগান থেকে নুরুল আবছারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এজাহারে বলা হয়, প্রায় দুই মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন নুরুল আবছার। তাঁদের ১৪ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী চলে যাওয়ার পর শিশুটি দাদার সঙ্গে থাকত।

তবে ঘটনার চার দিন আগে নুরুল আবছার ও তাঁর স্ত্রী নাজমা আক্তার অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে দুই লাখ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন বলে জানতে পারেন তাঁর বাবা।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে নুরুল আবছারকে ডেকে পাঠান। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পরদিন বিকেলে স্থানীয়দের মাধ্যমে তাঁর বাবা জানতে পারেন, চরলক্ষ্যা হিন্দুপাড়ার ভেতরে একটি গাছের সঙ্গে ছেলের মরদেহ ঝুলছে।

বাদীর অভিযোগ, ১০ নভেম্বর রাত থেকে ১১ নভেম্বর বিকেলের মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা নুরুল আবছারকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি