কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজু খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান জালিয়াপালং ইউনিয়নের বিট অফিস এলাকার বাসিন্দা আনজু মিয়ার ছেলে। সে স্থানীয় জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের রেজু খালে গোসল করতে নামে মেহেদী।
সাঁতার কাটার একপর্যায়ে খালের গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহ আমিন চৌধুরী শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


