খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক আগুনের ধোঁয়া ও উত্তাপ টের পেয়ে চিৎকার করে শেষ মুহূর্তে কোনোক্রমে প্রাণে বেঁচে যান।
আরও পড়ুন
পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন লাগিয়ে দিয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করেই মহাজন পাড়ায় পার্ক করে রাখা বিআরটিসি বাসটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরের অংশে ছড়িয়ে পড়ে। এ সময় বাসটির ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক।
বাসের ভেতর প্রচণ্ড উত্তাপ ও ধোঁয়া সৃষ্টি হলে তার ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসের ভেতরের সিংহভাগ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্বৃত্তদের ঘটানো নাশকতা বলেই মনে করা হচ্ছে।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


