মোবাইল টিপছিলেন ঘরের সামনে, অতর্কিত হামলায় প্রাণ গেল তরুণের

নোয়াখালীতে সীমানা বিরোধের জেরে তরুণ খুন, আহত বোনজামাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১২:৩৬

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামের এক তরুণকে পিটিয়ে ও বুকে-পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া একটি সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে।

এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে গেলে সাময়িক উত্তেজনা থিতিয়ে আসে।

তবে রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন উভয় পক্ষকে নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। এরপরেও দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে।

পুলিশ জানায়, এই বিরোধের জের ধরে আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে বিষয়টি জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে হাতে ছুরি তুলে নেন। এরপর তিনি তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে বুলুর বসতঘরের সামনে যান।

ওই সময় বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মনা। অতর্কিতভাবে আরমান ও ফুয়াদ তার ওপর চড়াও হন এবং বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসেন বোনজামাই মামুন। হামলাকারীরা তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে জখম করেন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মামুনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এদিকে মনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন অভিযুক্ত আবুল কাশেমের বসতঘরে হামলা চালান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করেছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি