পটিয়ায় মধ্যরাতে সাইকেল থামিয়ে মুদি দোকানিকে কোপ: সর্বস্ব লুটে নিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮

দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফেরার পথে পটিয়ায় মো. ফোরকান (২৯) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর জখম ও তাঁর সঙ্গে থাকা নগদ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার মধ্যরাতে পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ফোরকান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ মো. আবু জাফরের ছেলে।

পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় ‘শাহগদী এন্টারপ্রাইজ’ নামের একটি মুদি দোকানের মালিক তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর পথরোধ করে।

এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। হামলায় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা বিক্রির নগদ ৫৭ হাজার টাকা লুট করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর জানান, পূর্বশত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে, নাকি এটি নিছক ছিনতাইয়ের ঘটনা-পুলিশের উচিত বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি