জোরারগঞ্জ পুলিশের দুই দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫, চারজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৭:৪৪

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক ও সাঁড়াশি অভিযানে ২০ কেজি গাঁজা এবং ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

দুই দিনের এসব ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি, মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেনের একটি দল করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ভবানী এলাকায় অভিযান চালায়।

এ সময় আলেয়া বেগমের বসতঘরের ভাড়াটিয়া কামরুলের কক্ষের সামনে থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জাহিদ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হন।

পরদিন ১২ নভেম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াটিলা মাজারের সামনে পাকা সড়কে আরেকটি সফল অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আপ্রু মারমা (৩০) ও নিটো চাকমা (৩০) নামের দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এদিকে একই দিন পরিচালিত অন্য অভিযানে, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলার তদন্তে নতুন করে সম্পৃক্ততার তথ্য মিলেছে এমন আসামি শাহাদাত হোসেনকে (২৬) ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত মো. আলমগীর হোসেনকে হিঙ্গুলী এলাকা থেকে এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় লিটন হোসেন ইব্রাহিমকে (৩৫) দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সুনির্দিষ্ট নির্দেশনায় এবং ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত বারইয়ারহাট ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় জোরালো মাদকবিরোধী অভিযান চালানো হয়।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের সমন্বয়ে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-দিদারুল প্রকাশ কালু (২২), যাঁকে সাত দিন, ইমাম হোসেন বাবলু (২২), যাঁকে ছয় দিন; বিকাশ চন্দ্র দে (৫০), যাঁকে দুই দিন এবং আবু জাহিদকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুরো অভিযান ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এসব পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে সাজা দেওয়া হয়েছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি