সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ‘গুলজার টাওয়ার’ নামে ৬ তলা একটি বিপনী বিতানের ছাদে উঠে সেখান থেকে লাফিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভবন থেকে যুবকটির লাফ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতনামা এক যুবক গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ সময় তাকে বাঁচাতে কে বা কারা তার হাত ধরে ফেলেন। ধস্তাধস্তি করে যুবকটি লাফ দিয়ে বসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিচে পড়ার আগে যুবক একটি ব্যানারে আটকে যান, পরে ছিটকে বিদ্যুতের তারে লেগে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ওসি (তদন্ত) নাজের হোসাইন বলেন, গুরুতর আহত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে জীবিত আছে। তবে তাৎক্ষনিক যুবকটির পরিচয় জানা যায়নি। তবে সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



