চট্টগ্রাম নগরে যত্রতত্র পোস্টার সাঁটিয়ে সৌন্দর্যহানি: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১১:১৬

নগরের সৌন্দর্য রক্ষায় কড়াকড়ি বাড়িয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

অনুমোদনহীনভাবে যত্রতত্র পোস্টার লাগিয়ে নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট করার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার (৯ নভেম্বর) চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো-উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ার।

চসিক সূত্র জানায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও দেয়াল পোস্টারে ছেয়ে ফেলা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজেদের উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো সব পোস্টার দ্রুত অপসারণ করার মুচলেকায় স্বাক্ষরও নেওয়া হয়।

নগরের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এবং যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানোর অনিয়ন্ত্রিত প্রবণতা বন্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

একই সঙ্গে নগরের সৌন্দর্যহানি ঘটে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও নগরবাসীর প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি