দেশে ফেরার আনন্দ স্থায়ী হলো মোটে আট ঘণ্টা। দীর্ঘ প্রবাসজীবন শেষে বুকভরা আশা নিয়ে সকালে নিজ ভিটায় ফিরেছিলেন মো. এনামুল হক (৫৮)।
কিন্তু দুপুরের আকস্মিক অসুস্থতা সব ওলটপালট করে দিল। বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই প্রবাসী।
চিকিৎসকদের ধারণা, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এনামুল হক চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। তাঁর পরিবারে তিন কন্যাসন্তান রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, জীবিকার তাগিদে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এনামুল হক। সেখানে একটি কোম্পানিতে সেলাই কাজের ডিজাইনার হিসেবে কাজ করতেন তিনি।
২০২৩ সালের শেষের দিকে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। দেশটিতে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে তিনি পুনরায় কাজে যোগ দিয়েছিলেন।
দীর্ঘ প্রবাসজীবন ও অসুস্থতার ধকল পেরিয়ে শুক্রবার ভোর পাঁচটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এনামুল হক। এরপর সকাল নয়টার দিকে স্বজনদের সঙ্গে নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছানোর পর থেকেই তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন।
বেলা ১২টার দিকে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম শহরে রেফার করেন। পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাতিজা আশরাফ হোসেন জানান, আমার চাচা আজ সকালেই দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে চাচা ও চাচাতো ভাই তাঁকে বাড়িতে নিয়ে আসেন। সকাল নয়টার দিকে বাড়িতে পৌঁছানোর পর তিনি অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হলো না।
বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. বিকাশ হালদার বলেন, বেলা ১২টার দিকে তাঁকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আমরা তাঁকে চট্টগ্রাম রেফার করি। আমাদের ধারণা, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


