চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বাইসাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলাম (২২) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়ার একটি মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোবারক পতেঙ্গা থানার চরপাড়া এলাকার বাসিন্দা আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। তিনি বাবার চায়ের দোকানে সহযোগিতা করতেন।
এ ঘটনায় স্থানীয় মো. মুসা (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় ‘এভারগ্রিন কটন’ কারখানা নামের একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মুসার ছেলেদের একটি বাইসাইকেল চুরি হয়। সেই চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানা-সংলগ্ন মাঠে মারধর করেন মুসা ও তাঁর ছেলেরা।
একপর্যায়ে মোবারককে নির্মাণসামগ্রী রাখার একটি স্টোরে আটকে রেখে আবারও নির্যাতন চালানো হয়। পরে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করার পর তাঁর মরদেহ পুনরায় মাঠে এনে ফেলে পালানোর চেষ্টা করেন মুসা ও তাঁর সঙ্গে থাকা লোকজন।
এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটকে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, এ ঘটনায় নিহত মোবারকের বাবা বাদী হয়ে মোসাসহ মোট চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার পর থেকে পালিয়ে যাওয়া মুসার দুই ছেলেসহ অন্যান্য জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


