নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা সেই কামাল উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৩:০৮

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কর্ণফুলীর সিডিএ টেক এলাকার ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন।

তাঁর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

গ্রেপ্তার হওয়া এম কামাল উদ্দিন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক হিসেবেও পরিচিত।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি নতুন কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন।

নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে তাঁর দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সেই ঘটনার পর এবার কর্ণফুলী এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি