বারবার বলেও কাজ হয়নি: অবহেলার বলি শিশু সাঈদ

অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যুতে এলাকাবাসী ক্ষুব্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২১:১২

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির পাশে থাকা একটি খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাঈদ (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গোলাপ চৌধুরীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ ওই এলাকার বাসিন্দা আখতার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর শিশুটির চাচা তাৎক্ষণিকভাবে রশি বেঁধে সেপটিক ট্যাংকের পানিতে নেমে তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনা কবলিত সেপটিক ট্যাংকটির ঢাকনা প্রায় ছয় মাস ধরে খোলা ছিল।

বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানানো হলেও তিনি তা ঢেকে দেওয়ার কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা নেননি।

স্থানীয়দের দাবি, অবহেলার কারণে ঘটা এই মৃত্যু সহজেই এড়ানো সম্ভব ছিল।

অনুসন্ধানে জানা যায়, ওই বাড়ির মালিক স্থানীয় একটি মাদরাসার সুপার মাওলানা শামসুল ইসলাম। এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকটি অরক্ষিত থাকার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না-এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্টদের এই গাফিলতির বিষয়টি খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি