সৌদিয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেল শাহ আমানত সেতুর টোল বুথ

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা-বাস আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬

চট্টগ্রামের শাহ আমানত সেতুর মইজ্জ্যারটেক প্রান্তে টোল আদায়ের একটি বুথে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বুথটি দুমড়ে-মুচড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সেতুর মইজ্জ্যারটেক এলাকার টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি টোল দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টোল বুথে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় বুথটি দুমড়ে-মুচড়ে যায় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় ভেতরে থাকা কর্মচারী ও আশপাশের মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করলেও অলৌকিকভাবে কেউ হতাহত হননি।

মইজ্জ্যারটেক টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে একটি বাসের ধাক্কায় টোল আদায়ের একটি বুথ ভেঙে গেছে।

তবে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই লাইনে যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা গেলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

টোল প্লাজা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বুথটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি