নথির ওপর সামান্য সাদা ফ্লুইডের পোঁচ আর কলমের এক টানে গায়েব হয়ে গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার সরকারি রাজস্ব!
ফিল্ড বুক ও আপিল ফরম প্রকাশ্যেই ঘষামাজা করে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন কৃত্রিমভাবে কমিয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরকারি নথিপত্র জালিয়াতি ও কোটি কোটি টাকার রাজস্ব আত্মসাতের এই ঘটনায় চসিকের ছয় কর্মকর্তা-কর্মচারী এবং দুই প্রতিষ্ঠানের মালিকসহ মোট আটজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে সংস্থাটি।
সোমবার (৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সৈয়দ আলম।
দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক অভিনব ও সুপরিকল্পিত দুর্নীতির চিত্র। চসিকের প্রধান কার্যালয় থেকে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলে পাঠানোর পরই শুরু হতো মূল অংক বদলে ফেলার কারসাজি।
দুদক সূত্র বলছে, ইকবাল ট্রেড লিমিটেড নামক প্রতিষ্ঠানটির ১৫১/এ/৫৪ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রথমে নির্ধারিত হয়েছিল ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। কিন্তু রাজস্ব সার্কেলের নথিতে তা কমিয়ে দেখানো হয় মাত্র ৫ কোটি ৮ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
অর্থাৎ এক ধাক্কায় ২০ কোটি ৫৯ লাখ টাকার বেশি মূল্যায়ন কমিয়ে দেওয়া হয়। এর ফলে ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে পরবর্তী ১৪ প্রান্তিকে চসিক প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে।
ফ্লুইড দিয়ে মুছে বদলে দেওয়া হয় হিসাব
দ্বিতীয় ঘটনায় দক্ষিণ মধ্যম হালিশহরের মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের ১৮১/৩০১ নম্বর হোল্ডিংয়ের মূল্যায়নেও একই ধরনের কারসাজির অভিযোগ পাওয়া গেছে।
এজাহার অনুযায়ী, প্রতিষ্ঠানটির বার্ষিক মূল্যায়ন প্রথমে নির্ধারণ করা হয়েছিল ২৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা। পরে তা কমিয়ে ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা করা হয়।
দ্বিতীয় মামলার এজাহারে আরও বলা হয়েছে, ফিল্ড বুকের ১০ নম্বর পৃষ্ঠায় সাদা ফ্লুইড ব্যবহার করে আগের মূল্যায়নের অঙ্ক মুছে ফেলা হয়। এরপর সেখানে বসানো হয় কম অঙ্কের নতুন হিসাব।
এভাবে তিন বছরে প্রতিষ্ঠানটির কাছ থেকে কম হোল্ডিং ট্যাক্স আদায় করায় চসিকের প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
চসিকের ছয় কর্মকর্তা-কর্মচারীসহ আটজন আসামি
রাজস্ব ফাঁকির এই মহোৎসবে চসিকের ভেতরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সরাসরি সম্পৃক্ত ছিলেন সুবিধাভোগী প্রতিষ্ঠানের মালিকপক্ষও।
দুদকের পৃথক দুটি মামলায় চসিকের যেসব কর্মকর্তা-কর্মচারীর নাম এসেছে, তাঁরা হলেন-রাজস্ব সার্কেল-৮-এর সাবেক কর কর্মকর্তা মোহাম্মদ রুকন আলম, সাবেক উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-৯-এর সাবেক কর কর্মকর্তা তপন প্রকাশ সেন,সার্কেল-৮-এর সহকারী কর আদায়কারী মো. মনজুর মোর্শেদ, সার্কেল-৯-এর হিসাব সহকারী রূপসী রানী দেব ও মোহাম্মদ আহসান উল্লাহ।
এ ছাড়া ইকবাল ট্রেড লিমিটেডের মালিকপক্ষের ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কালামকে মামলার আসামি করা হয়েছে।
যা বলছে দুদক
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
কমিশনের নির্দেশে পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তে এ ঘটনার সঙ্গে আরও কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের হিসাব অনুযায়ী, দুটি প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স নির্ধারণে অনিয়মের কারণে চসিকের মোট রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকা।


