কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ঘিরে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, তা এত দিন আটকে ছিল সরু ও ঘুরপথের সড়ক যোগাযোগের বেড়াজালে।
সেই জট খুলতে নেওয়া হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকার এক বৃহৎ আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প।
আনোয়ারা থেকে বাঁশখালী, টইটং ও পেকুয়া হয়ে কক্সবাজারের চকরিয়া (ঈদমনি) পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের মাঠপর্যায়ের প্রস্তুতি এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।
আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে সড়কের দুই পাশের গাছ কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত এই কর্মযজ্ঞ। প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্ণফুলী টানেলের সঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় আনোয়ারার কালাবিবির দিঘি থেকে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক উন্নয়ন ও প্রশস্ত করা হবে। বর্তমানে সড়কের যেসব অংশের প্রস্থ প্রায় ১৮ ফুট, সেগুলো ৩৪ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। মোট ব্যয়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য রাখা হয়েছে ৩৪১ কোটি টাকা। অবশিষ্ট অর্থ ব্যয় হবে সড়ক প্রশস্তকরণ, নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে।
কমবে দূরত্ব, বাড়বে বন্দরকেন্দ্রিক গতি
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্ণফুলী টানেল চালুর পর চট্টগ্রাম নগরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ সহজ হলেও মাতারবাড়ী ও কক্সবাজারমুখী সড়কের সীমাবদ্ধতার কারণে টানেলের পূর্ণ সুফল মিলছিল না।
বর্তমানে মাতারবাড়ীগামী যানবাহনকে টানেল পার হয়ে আনোয়ারা, শিকলবাহা ওয়াই জংশন, পটিয়া বাইপাস, গাছবাড়িয়া ও চকরিয়া হয়ে দীর্ঘ পথ ঘুরতে হয়।
নতুন মহাসড়কটি চালু হলে টানেল থেকে কালাবিবির দিঘি, বাঁশখালী, টইটং, পেকুয়া ও মাতামুহুরী হয়ে বদরখালী এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে সরাসরি যাওয়া যাবে। এতে মাতারবাড়ীমুখী যাতায়াতে দূরত্ব কমবে ৪০ থেকে ৪৫ কিলোমিটার এবং সময় বাঁচবে প্রায় এক ঘণ্টা। কক্সবাজারগামী যানবাহনের ক্ষেত্রে প্রায় ৩০ কিলোমিটার পথ ও ৪৫ মিনিট সময় সাশ্রয় হবে।
সওজ কর্মকর্তারা মনে করছেন, এই বিকল্প সড়ক তৈরি হলে ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর যানবাহনের চাপ যেমন কমবে, তেমনি কর্ণফুলী টানেলের ব্যবহার ও আয় বহুগুণ বাড়বে।
সামনে ভূমি অধিগ্রহণ ও পরিবেশের চ্যালেঞ্জ
সড়ক প্রশস্তকরণের প্রাথমিক ধাপ হিসেবে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, দরপত্র প্রক্রিয়া শেষে বন বিভাগের মাধ্যমে গাছ কাটার কাজ চলছে। বন বিভাগের তৈরি করা তালিকা অনুযায়ী গাছ কাটা শেষ হলেই মূল সড়ক নির্মাণের কাজ পুরোদমে শুরু হবে।
তবে প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করার ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ ও বিদ্যমান অবকাঠামো অপসারণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে বাঁশখালীসহ বেশ কয়েকটি জনবহুল এলাকায় সড়কের বাঁক সোজা ও প্রশস্ত করতে অতিরিক্ত জমির প্রয়োজন হবে। দ্রুত ভূমি অধিগ্রহণ শেষ করা না গেলে প্রকল্পের গতি শ্লথ হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া বিপুলসংখ্যক গাছ কাটার ফলে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলায় যথাযথ বনায়নের ওপরও জোর দিচ্ছেন পরিবেশবাদীরা।
অর্থনৈতিক করিডোরের স্বপ্ন
আনোয়ারা ও আশপাশের এলাকায় গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল, শিল্পকারখানা এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মধ্যে পণ্য পরিবহনের প্রধান ধমনি হয়ে উঠবে এই সড়ক।
আনোয়ারা পেশাজীবী পরিষদের সদস্য ও ব্যাংকার এস এম মঈন উদ্দীন আজাদ বলেন, কর্ণফুলী টানেল দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতির চিত্র বদলে দেওয়ার যে সম্ভাবনা তৈরি করেছে, পিএবি-টইটং মহাসড়ক সেটিকে পূর্ণতা দেবে।
এটি বাস্তবায়িত হলে আনোয়ারা থেকে কক্সবাজার পর্যন্ত একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে। সরু সড়কের ভোগান্তি দূর হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এ অঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপনে আরও উৎসাহিত হবেন, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।
নির্ধারিত সময় ২০৩০ সালের জুনের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করা গেলে এই মহাসড়কই হয়ে উঠবে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


