টানেল চত্বরে বেপরোয়া বাসের তাণ্ডব: স্তব্ধ হয়ে গেল দুই মায়ের স্বপ্ন

মুহূর্তেই ৬ সিএনজি দুমড়ে-মুচড়ে চায়ের দোকানে বাস

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২২:৪৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেল সংযোগ চত্বরে যাত্রীবাহী বাসের তাণ্ডবে রক্তভেজা এক বীভৎস দৃশ্যের অবতারণা হয়েছে।

একটি দ্রুতগতির নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে গেছে অন্তত ৬টি সিএনজিচালিত অটোরিকশা। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় দুই নারী করুণ প্রাণ হারিয়েছেন।

এছাড়া অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আনোয়ারা উপজেলার টানেল সংযোগ চত্বর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার কাজল দত্তের স্ত্রী পলি দত্ত (৩০)। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

দুর্ঘটনায় প্রাণ হারানো অপর নারী একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেট্রো-জ ১১-০২৯০ নম্বরের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল সংযোগ চত্বরে যাত্রী ওঠানামার জন্য দাঁড়িয়ে থাকা অটোরিকশাগুলোর ওপর উঠে যায়।

এতে মুহূর্তের মধ্যে অন্তত ছয়টি সিএনজি চুরমার হয়ে যায়। এখানেই শেষ নয়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আব্দুল মান্নানের চায়ের দোকানে গিয়ে আছড়ে পড়ে।

এতে সিএনজিতে থাকা চালক-যাত্রী এবং চায়ের দোকানে থাকা সাধারণ মানুষ মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই নারীর মৃত্যু হয়েছে। আহত অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা খুবই সংকটজনক।

ঘটনার পর পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে জানিয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বেপরোয়া বাস ও দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি