আমবাগানে চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অর্ধশত অবৈধ স্থাপনা

ফুটপাতে ব্যবসার দায়ে জরিমানার মুখে ৭ জন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৮:৩৩

ফুটপাত কি পথচারীদের, নাকি দখলদারদের? চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত যেন এই প্রশ্নটিরই কড়া জবাব দিল খুলশীর আমবাগানে।

ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রায় অর্ধশত অবৈধ দোকান ও স্থাপনা।

বুধবার (১১ নভেম্বর) নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে চসিক। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানের শুরুতেই আমবাগান এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং যত্রতত্র ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রী সরিয়ে দেওয়া হয়।

ফুটপাত বেদখল করে পথচারীদের দুর্ভোগ বাড়ানোর অপরাধে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির পর চলাচলের উপযোগী হলো ওই এলাকার ফুটপাত।

শুধু উচ্ছেদেই থেমে থাকেনি অভিযান। ফুটপাতের ওপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে তাদের মোট ২২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

নগরবাসীর স্বস্তি ফেরাতে পরিচালিত এই অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি