চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামের এক প্রবাসফেরত তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফারাজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। আহত অপর আরোহীর বাড়িও একই উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) করে লোহাগাড়ার দিকে যাচ্ছিলেন ওই দুই তরুণ।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারাজের মৃত্যু হয় এবং তাঁর সহযাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।
তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই বাসের চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
পটিয়া হাইওয়ে থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তরুণের মরদেহ উদ্ধার করেছে।
দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


