কর্ণফুলী নদীর তীরে বিকেলের রোদ যখন ঢলে পড়ে, তখন চিরচেনা চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট এলাকায় নেমে আসে ব্যস্ততা আর কোলাহলের এক মিশ্র দৃশ্যপট।
বছরের পর বছর ধরে এই ঘাটে যাঁরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে ঠেলা কিংবা ভ্যানে কাঁচাবাজার ও নিত্যপণ্য নিয়ে বসেছেন, তাঁদের প্রতিটি দিন কেটেছে উচ্ছেদ আতঙ্ক আর অনিশ্চয়তার দোলাচলে। তবে দীর্ঘদিনের সেই ভাঙাগড়ার অধ্যায় পেরিয়ে এবার পরিবর্তনের এক নতুন সূর্যোদয় দেখতে যাচ্ছে কর্ণফুলীপাড়ের মানুষ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)র সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমিতে এবার সেই অনিশ্চয়তার স্থায়ী অবসান ঘটতে চলেছে। সংস্থাটির উদ্যোগে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে এখানে গড়ে উঠছে সাড়ে তিন শর মতো দোকানের এক আধুনিক ও পরিকল্পিত স্থায়ী বাজার।
কেবল ইট-পাথরের অবকাঠামো নয়, এই প্রকল্পের সবচেয়ে বড় চমক কর্ণফুলীর জলরাশি ছুঁয়ে গড়ে ওঠা নদীমুখী ফুডকোর্ট, সবুজ বাগান, প্রশস্ত হাঁটার পথ আর গাড়ি পার্কিংয়ের নান্দনিক আয়োজন।
এর মধ্য দিয়ে পুরাতন ব্রিজঘাটটি সম্ভাবনাময় একটি বাণিজ্যিকেন্দ্র ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য এক আকর্ষণীয় বিনোদন স্পট হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
সিডিএর প্রণীত দৃষ্টিনন্দন স্থাপত্য নকশা অনুযায়ী, পুরো বাজার এলাকাকে কে, এল, এ, জে, ডি, বি ও জি-এই সাতটি ব্লকে বিন্যস্ত করা হয়েছে। ৮ ফুট বাই ১০ ফুট থেকে শুরু করে বিভিন্ন মাপের ৩৩০ থেকে ৩৪১টি সেমিপাকা দোকান থাকছে এই আধুনিক মার্কেটে।
প্রকল্পের ব্লু-প্রিন্ট অনুযায়ী দেখা যায়-মসজিদের পেছনের নদীপাড়ে ছয়টি দোকান নিয়ে গড়ে তোলা হবে একটি আকর্ষণীয় নদীমুখী ফুডকোর্ট। কর্ণফুলীর নান্দনিক রূপ উপভোগ করতে করতে ক্রেতা-দর্শনার্থীরা এখানে ফুডকোর্টের স্বাদ নিতে পারবেন।
পুরো এলাকায় ক্রেতা ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রাখা হয়েছে একাধিক উন্মুক্ত বাগান, প্রশস্ত ওয়াকওয়ে, বড় গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ের সুব্যবস্থা।
এছাড়াও চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, মসজিদ চত্বর এবং আশপাশের এলাকায় সুবিন্যস্ত সারিতে দোকানগুলোর পাশাপাশি ক্রেতাদের সুবিধার জন্য পর্যাপ্ত ওয়াশব্লক বা টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে সরাসরি কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সিডিএ তালিকাভুক্ত ঠিকাদারদের আপত্তির মুখে এখন উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, সিডিএর আর্থিক সীমাবদ্ধতার কারণে দোকান বরাদ্দের সময় জামানত বা সিকিউরিটি মানি সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় কাজ সম্পন্ন করার বিষয়টিও ভাবনায় রয়েছে।
তবে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের প্রধান দাবি-স্বচ্ছ নীতিমালা প্রণয়ন এবং নামমাত্র বা সর্বনিম্ন জামানত ও ভাড়ায় প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটে প্রতি বর্গফুট দোকানের মাসিক ভাড়া যেখানে ৪ টাকা থেকে ১০ টাকার মধ্যে রয়েছে, ব্রিজঘাটের প্রস্তাবিত মার্কেটেও ভাড়ার হার যেন ক্ষুদ্র ব্যবসায়ীদের নাগালের মধ্যে থাকে, সে প্রত্যাশাই সবার।
দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো প্রভাবশালী মহল যেন ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
তিনি স্পষ্ট করে গণমাধ্যমকে জানিয়েছেন, যারা গত ৩০ থেকে ৩৫ বছর ধরে এই ঘাটে কষ্ট করে ব্যবসা চালিয়ে আসছেন, তাঁদের কোনোভাবেই উপেক্ষা করা হবে না। সম্পূর্ণ স্বচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা অনুসরণ করেই প্রকৃত ও পুরোনো ব্যবসায়ীদের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হবে।
পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ এবং ব্রিজঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন উভয়েই সিডিএর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, বছরের পর বছর রোদ-বৃষ্টিতে ভিজে যাঁরা এ বাজার টিকিয়ে রেখেছেন, তাঁদের সঠিক তালিকার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে এবং নির্মাণকাজ চলাকালীন পার্শ্ববর্তী খালি মাঠে অস্থায়ীভাবে বাজার স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।
মানবাধিকার আইনজীবী আনোয়ার হোসেনের মতে, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও তাঁদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই আধুনিক প্রকল্পের সুফল পুরোপুরি ঘরে তোলা সম্ভব।
প্রকল্প পরিচালক (পিডি) মো. হাসানও আশাবাদী। তিনি জানিয়েছেন, খুব দ্রুতই নির্মাণকাজ শুরু হবে এবং স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে পরামর্শ করেই সিডিএর বিধিবিধান অনুযায়ী এর বাস্তবায়ন সম্পন্ন হবে।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী ও প্রভাবমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কর্ণফুলীর এই পুরাতন ব্রিজঘাটটি শুধু বাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম একটি আকর্ষণীয় ও প্রাণবন্ত বাণিজ্যিক-বিনোদন স্পটে রূপান্তরিত হবে-এমনটাই প্রত্যাশা নদীপারের মানুষের।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


