চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদ দক্ষিণ রাঙ্গুনিয়ায় অপরাধের অভয়ারণ্য গুঁড়িয়ে দিতে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)।
অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত বিভিন্ন দুর্গম টিলা ও জনপদে চালানো এই ধারাবাহিক অভিযানে অন্তত ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) দুই দিনব্যাপী এই ঝটিকা ও সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ চক্রের নেটওয়ার্ক ভাঙতে দক্ষিণ রাঙ্গুনিয়ায় দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলে এই অভিযান চালানো হয়। অভিযানের মূল কেন্দ্রবিন্দুতে ছিল-মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজার।
এসব এলাকার প্রতিটি বসতবাড়ি, সন্দেহভাজন আস্তানা এবং তালিকাভুক্ত অপরাধীদের সম্ভাব্য গোপন আস্তানায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান চলাকালীন ৬ সন্দেহভাজনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত চারটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। মাঠপর্যায়ে পুরো অপারেশনটির পরিকল্পনা ও নেতৃত্ব দেন, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
অভিযান প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পাহাড়ি ও দুর্গম এলাকাকে ব্যবহার করে কেউ যাতে কোনোভাবেই সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা অবৈধ অস্ত্রের ব্যবহার চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাহাড়ের অন্ধকার জগৎ এবং অপরাধের শেকড় পুরোপুরি উপড়ে ফেলতে স্থানীয় বাসিন্দাদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
এলাকার সার্বিক শান্তি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


