কাট্টলী রাসমণি ঘাটে আগুন, নিঃস্ব ৩০ জেলে পরিবার-পুড়ল মাথা গোঁজার ঠাঁই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৮:৪০

চট্টগ্রাম নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে লাগা এই অগ্নিকাণ্ডে জেলেদের প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে একটার দিকে সাগর উপকূলীয় রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের ছোট ছোট ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ ও দাহ্য উপকরণে তৈরি হওয়ায় ঘরগুলো দ্রুত পুড়ে যেতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের টানা চেষ্টায় বিকেল পৌনে তিনটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে জেলেদের বসবাসের জন্য তৈরি ছোট ছোট প্রায় ৩০টি ঝুপড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে মোট কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি