দেনমোহর ১০ লাখ, খরচ ৯ লাখ-তবুও ৫ লাখ টাকা যৌতুকের দাবি!

নববধূকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ: ক্ষুব্ধ পরিবারের সংবাদ সম্মেলন-বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২২:৩৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নববধূ নাজমিন সুলতানাকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

এ সময় তাঁর শ্লীলতাহানি এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকার একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বাবা নাছির উদ্দীন, মা চেমন আরা বেগম, মো. সেকান্দর ও হ্যাপী আকতার।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে চেমন আরা বেগমের মেয়ে নাজমিন সুলতানার সঙ্গে মো. তৌহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মায়ের প্ররোচনায় স্বামী তৌহিদুল ইসলাম স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন।

ওই দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে নাজমিনের ওপর নির্যাতন শুরু হয়। এমনকি বিয়ের মাত্র কয়েক দিনের মাথায় নববধূকে রেখে তৌহিদুল পালিয়ে যান বলেও দাবি করে পরিবার।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, যৌতুকের টাকা দিতে না পারায় গত ৮ নভেম্বর দুপুরে নাজমিনকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। পরদিন ৯ নভেম্বর তাঁর ভাই মো. ইকবালসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁদের গালিগালাজ করেন।

এর প্রতিবাদ করলে স্বজনদের সামনেই নাজমিনের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। ওই সময় নাজমিনের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনেরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে নাজমিনকে উদ্ধার করেন এবং তালাকের হুমকি দিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা চেমন আরা বেগম বাদী হয়ে গত ১৭ নভেম্বর আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলায় তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করা হয়েছে।

মামলা ও তদন্তের অগ্রগতি বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি