চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি মন্দিরে ছদ্মবেশে প্রবেশ করে ভিড়ের সুযোগে দুই নারীর গলা থেকে সোনার চেইন চুরির অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া সোনার চেইন দুটি এবং একটি সাদা রঙের শাঁখা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোড এলাকার শ্রীশ্রী রাধা-গোবিন্দ ইসকন মন্দিরে অন্নকূট উৎসব চলাকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মন্দিরের অনুষ্ঠানে অংশ নিতে যান রাসনা দাশ ও তাঁর সঙ্গী ঝুমকি দাশ। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাঁরা মন্দিরের প্রবেশপথে পৌঁছালে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ধাক্কাধাক্কির সুযোগ নেয় অভিযুক্তরা।
ওই ভিড়ের মধ্যেই কৌশলে রাসনা দাশ ও ঝুমকি দাশের গলায় থাকা সোনার চেইন দুটি ছিনিয়ে নেওয়া হয়। এর মধ্যে রাসনা দাশের চেইনটির ওজন ৬ আনা এবং ঝুমকি দাশের চেইনটির ওজন সাড়ে ৬ আনা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের সহায়তায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই নারীকে শনাক্ত ও আটক করা হয়।
খবর পেয়ে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক দুই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চুরি যাওয়া চেইন দুটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার দুজনের একজন শাড়ি পরে এবং হাতে ও কপালে শাঁখা-সিঁদুর ধারণ করে মন্দিরে প্রবেশ করেন।
অপরজন থ্রি-পিস পরিহিত অবস্থায় সহযোগী হিসেবে চুরির কাজে যুক্ত ছিলেন। চুরির উদ্দেশ্যেই তাঁরা নিজেদের ধর্মীয় পরিচয় গোপন করেছিলেন বলে দাবি করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডরমন্ডল আলগাবাড়ি এলাকার শহিদ মিয়ার মেয়ে মোছা. আনোয়ারা বেগম (২৫) এবং একই এলাকার বাচ্চু মিয়ার মেয়ে আছিয়া বেগম (২২)।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় পুলিশ জানতে পেরেছে, গ্রেফতার আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে জিএমপি সদর থানা, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়িসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
পূর্ববর্তী মামলার তথ্য ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই ধরনের কৌশলে বিভিন্ন স্থানে চুরির ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


