back to top

ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরে শিব দর্শন ও পূজা উৎসব শুরু

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:০০

ধর্ম ডেস্ক : কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা আজ রবিবার থেকে শুরু হয়েছে।

শিব চতুর্দশী পূজা ও মেলাকে কেন্দ্র করে মহেশখালীর মৈনাক পাহাড়ের পাদদেশে বসে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা।

শুধু সনাতনী সম্প্রদায়ই নয়, এই মিলনমেলায় শামিল হন দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীরা।

২০০ বছরেরও বেশি সময় ধরে আদিনাথ মেলা নামে পরিচিত এই ঐতিহ্যবাহী আয়োজন প্রতি বছর ২ ফাল্গুন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে।

এই মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশ থেকে হাজার হাজার পূজারি ও পর্যটকরা এসে জমায়েত হন।

ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন ও পূজা করে থাকেন।

ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পূজারি ও পর্যটকরা আসতে শুরু করেছেন আদিনাথ মন্দিরে।

তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। মেলায় বসেছে হরেক রকমের দোকান।

শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (কাউন্সিলর) বলেন, প্রতি বছরের মতো এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পূজারি ও ভক্তদের জন্য থাকার সুব্যবস্থা করা হয়েছে। সাত দিনব্যাপী এই মেলায় হরেক রকম দোকানপাট বসেছে।

মহেশখালী থানা ওসি মো. মজিবুর রহমান বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপারের সহযোগিতায় পুলিশের একটি বিশেষ টিম সর্বক্ষণিক টহলে রয়েছে।

মেলায় আগত পূজারি, ভক্ত ও অনুরাগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাত দিনব্যাপী এই মেলায় আগত দর্শনার্থী ও ভক্তদের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা পূরণের পাশাপাশি মহেশখালীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে বলে আশা করছেন আয়োজকরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি