দিনদুপুরে নকল চাবিতে ভ্যান উধাও, সিসিটিভিতে ছদ্মবেশী ছিনতাইকারীর মুখোশ উন্মোচন

ছিনতাইয়ের দিনেই উদ্ধার ব্যাটারিচালিত ভ্যান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ০০:০৮

চট্টগ্রামের পটিয়া থেকে ফিল্মি কায়দায় ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান ও এর পাঁচটি ব্যাটারি ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে চন্দনাইশের দোহাজারী পৌরসভার ফুলতলা ও বটতল এলাকা থেকে ভ্যান এবং ব্যাটারিগুলো উদ্ধার করা হয়। এর আগে ওই দিন সকালে পটিয়া পৌরসদরের পোস্ট অফিস এলাকা থেকে ভ্যানটি খোয়ায়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক আব্দুর রহিম প্রতিদিনের মতো শনিবার সকালে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকার একটি দোকানের সামনে ভ্যানটি রেখে ভেতরে যান।

দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবক নকল চাবি ব্যবহার করে প্রকাশ্যে ভ্যানটি নিয়ে সটকে পড়ে। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো খোঁজ পাননি আব্দুর রহিম।

ঘটনার পর পটিয়ার গণমাধ্যমকর্মীরা ভ্যান ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ফুটেজটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্ত করতে সহজ হয়।

অভিযুক্তের নাম ইসমাইল, তিনি পটিয়ার খরনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশের পর স্থানীয় বাসিন্দাদের কয়েকজন তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন।

সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরপরই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎসু যশ চাকমার নির্দেশে পুলিশ অভিযানে নামে।

অভিযুক্তের মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেলের নেতৃত্বে প্রাথমিক অভিযান শুরু হয়। পরবর্তীতে পটিয়া থানা পুলিশের একটি দলও ওই অভিযানে যুক্ত হয়।

টানা পাঁচ ঘণ্টার অভিযানে দোহাজারীর ফুলতলা এলাকার ‘সাইফু ব্যাটারি হাউস’ থেকে ছিনতাই হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়।

এরপর বটতল এলাকার একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পড়ে থাকতে দেখা যায় এবং তা উদ্ধার করে পুলিশ।

অভিযানের বিষয়ে পটিয়া থানার ওসি যুযুৎসু যশ চাকমা বলেন, দিনদুপুরে ভ্যান ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তৎপর হয়।

মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেল অভিযান পরিচালনা করেন এবং পরে পটিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান সম্পন্ন করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি