চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক মোহাম্মদ মাসুম (২৮) মারা গেছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।
নিহতের মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাহাড়তলী থানায় মামলাটি করেন।
নিহত মাসুম নগরের আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে।
মামলার এজাহারে আসামি করা হয়েছে একই থানার তিন নম্বর ঝিল এলাকার মো. হাসান, গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির, অনিক, সাইফুল ও মো. আজমকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে একে খান মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
সে সময় গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি করা হলে চালক মো. শাহাদাত হোসেন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকজনের সঙ্গে শাহাদাতের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
বাদী হাফিজুর রহমান জানান, তার ভাগনে মাসুমের বন্ধু চালক শাহাদাতের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হলে তা মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুমের পেটেও ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রুহুল আমিন লাবু বলেন, চিকিৎসাধীন মাসুম বুধবার রাতে মারা যাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।
অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


