চেরাগী পাহাড়-জামালখান সড়কে গুঁড়িয়ে দেওয়া হলো ২৫ অবৈধ দোকান

জব্দ আট মণ সবজি-ফল পেল এতিমখানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২০:২৮

চট্টগ্রাম নগরের ব্যস্ততম জামালখান ও চেরাগী পাহাড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় আট মণ সবজি ও ফলমূল এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে নগরের কোতোয়ালী থানাধীন জামালখানের সিঁড়ির গোড়া থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫টি অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে দেওয়া হয়।

এ সময় ৩০ ধরনের সবজি ও ফলমূলসহ প্রায় আট মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যান জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে সিঁড়ির গোড়া এলাকা থেকে জব্দ করা সবজি ও ফলমূল নষ্ট হতে না দিয়ে কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

অভিযানের বিষয়ে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি