উপাচার্যকে ‘অস্বীকার’ করেই চুয়েটে ৫৫ দিন পর শুরু হলো পরীক্ষা

অংশ নিলেন ৫৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৪:৩৬

দীর্ঘ ৫৫ দিন অচলাবস্থার অবসান ঘটিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও পরীক্ষা শুরু হয়েছে।

গত শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমকে স্বীকৃতি না দিয়েই শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলসহ মোট ছয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চুয়েটের একটি পরীক্ষা স্থগিত করা হলে পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও পরীক্ষা শুরু হতে আরও ১৮ দিন সময় লাগে।

পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অধ্যাদেশ অনুযায়ী আইনসম্মতভাবে পরীক্ষা নেওয়া হয়নি। শ্রেণি ও পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

অধিকাংশ বিভাগীয় প্রধানকে চাপ দিয়ে এই সময়সূচি তৈরি করা হয়েছে, যা একাডেমিক অধ্যাদেশের পরিপন্থী।

একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল। তাই পরবর্তী কাউন্সিল সভায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করে আলোচনা করব।

অন্যদিকে, পরীক্ষা আয়োজনে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি বলে দাবি করেছেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. মোস্তফা কামাল ভূঁইয়া।

তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চান। তাহলে কি আমরা পরীক্ষা নেব না? এখানে কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি।

উপাচার্য কীভাবে বিষয়টি একাডেমিক কাউন্সিলে তুলবেন? তার আহ্বান করা সিন্ডিকেট সভায় চুয়েটের কেউ অংশ নেননি।

একাডেমিক কাউন্সিলের সদস্যরাও চুয়েটের শিক্ষক। চুয়েটে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তা বাতিল করার কোনো নজির আগে নেই।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাঁরা অধ্যাপক শেখ শরিফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নেননি। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বলেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমাদের আন্দোলন চলবে। তবে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা শুরু করার অনুরোধ জানিয়ে আমরা শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়েছিলাম। শিক্ষকদের আহ্বানে সাড়া দিয়েই আজ পরীক্ষায় অংশ নিয়েছি।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে তাঁর স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরিফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ও অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এর সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এতে যোগ দেন।

এর ফলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি