বাংলাদেশ রেলওয়ের ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভের (ডিইএল) যন্ত্রাংশ সরবরাহ, সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তি এবং সংগঠনের অভ্যন্তরীণ নানা অনিয়ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জেরবার হয়ে সংবাদ সম্মেলনের মঞ্চ ছেড়ে চলে গেছেন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড অ্যাকসেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বারেসাএসএ) সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তি প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত নিষ্পত্তির দাবিতে বারেসাএসএ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল।
এতে সংগঠনের পরিচালক, সহসভাপতি এনায়েত করিম ও বাবুলসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা রেলওয়ের যন্ত্রাংশ সরবরাহের বিভিন্ন অসংগতি নিয়ে প্রশ্ন তুললে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আয়োজকেরা।
সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, সরবরাহ করা কিছু যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে রেলওয়ের পাহাড়তলী ও কেলোকা (কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা) কারখানায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
সংশ্লিষ্ট দপ্তর থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও এসব যন্ত্রাংশ পরিবর্তন বা প্রতিস্থাপনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেন পুনরায় কালো তালিকাভুক্ত করা হচ্ছে না এবং এর পেছনে কারও প্রভাব রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা।
এ ছাড়া সংগঠনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, নিম্নমানের মালামাল সরবরাহ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়েও প্রশ্ন করা হয়।
তাঁর নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান বর্তমানে কালো তালিকাভুক্ত রয়েছে বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি সরবরাহকারী হিসেবে তালিকাভুক্তির জন্য জমা দেওয়া কিছু কাগজপত্র রেলওয়ের কারিগরি কমিটির যাচাই-বাছাইয়ে জাল হিসেবে শনাক্ত হওয়ার বিষয়টিও সামনে আনেন সাংবাদিকেরা।
এসব অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা সভাপতির স্পষ্ট বক্তব্য জানতে চাইলে ফেরদৌস হুদা চৌধুরী কোনো সদুত্তর দিতে পারেননি।
একপর্যায়ে একের পর এক প্রশ্নের মুখে কোনো জবাব না দিয়েই তিনি দ্রুত মঞ্চ ছেড়ে প্রেসক্লাব ত্যাগ করেন। সভাপতির এমন আকস্মিক প্রস্থানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
এদিকে সাধারণ ব্যবসায়ীদের দাবি, বর্তমান বিতর্কিত তালিকাভুক্তি প্রক্রিয়া বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের মাধ্যমে নতুন করে আবেদন গ্রহণ করতে হবে। এতে সব ব্যবসায়ীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।
সভাপতির চলে যাওয়া এবং সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়ে সংগঠনের সহসভাপতি বাবুল সাংবাদিকদের বলেন, যে উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে। তারা দাবিগুলো শুনে ব্যবসায়ী ও সংগঠনের স্বার্থে সমাধানের কথা বলেছেন।
এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে আলোচনার অগ্রগতি জানানো হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে সভাপতির চলে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করে বাবুল আরও বলেন, বিষয়টি পালিয়ে যাওয়ার মতো নয়। একটি ট্রেড বডির সভাপতি হিসেবে তিনি সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।
কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দেওয়ায় আপাতত সেখান থেকে সরে আসাকেই আমরা উত্তম মনে করেছি।
উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও সংবাদ সম্মেলন ছেড়ে চলে যাওয়ার বিষয়ে বক্তব্য জানতে বারেসাএসএ সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


