চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাড়ির পাশের একটি জমি থেকে অশোক শীল (৫৫) নামের এক প্রবাসফেরত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তাঁর মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়।
নিহত অশোক শীল উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শীল বাড়ির মৃত মনিন্দ্র লাল শীলের ছেলে। দীর্ঘ প্রবাসজীবন শেষে তিনি দেশে ফিরেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যাসন্তানের জনক।
আরও পড়ুন
অশোক শীলের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবার ও চিকিৎসকদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এ অবস্থায় মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি জমিতে ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে গিয়েছিলেন অশোক শীল।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই জমিতে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক বলেন, বিকেলে অশোক শীলকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, মৃত্যুটি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। চিকিৎসকেরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা বললেও পরিবারের দাবি তিনি হৃদ্রোগে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


