চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মো. রাজু (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া রাজু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর শাখার কর্মী। তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনের অন্তত ১৫টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আমিনুর রশিদ জানান, অগ্নিসংযোগের ঘটনায় রাজুর সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
পাঁচলাইশ মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত পৌনে একটার দিকে মুরাদপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার খবর পায় পুলিশ।
অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও জনজীবন বিপন্ন করার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে বক্সটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থল থেকে আলামত হিসেবে দুই লিটারের একটি নীল রঙের খালি কোমল পানীয়ের বোতল, ‘ফসিল ইপি-১৪০ গিয়ার অয়েল’ লেখা দুটি সিলভার রঙের বোতল এবং আংশিক পুড়ে যাওয়া একটি পুরোনো পাপস জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ১৮ নভেম্বর পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬, ৮, ৯, ১০ ও ১২ ধারায় একটি মামলা করেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজুর বিরুদ্ধে নগরের খুলশী, পাঁচলাইশ ও কোতোয়ালী থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, ছিনতাই, মারামারি, সরকারি কাজে বাধা এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৫টি মামলা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ মডেল থানার এসআই ফারুক আহমদ জানান, তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


