রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা ছাড়লেন জামায়াত আমির, ফিরবেন কবে?

কূটনৈতিক বৈঠক ও প্রবাসী সমাবেশে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৩:৪৯

সপ্তাহব্যাপী সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার ত্যাগ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

পাশাপাশি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বিরোধীদলীয় নেতার এই সফরে সঙ্গী হয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি