চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরি ঠেকিয়ে এক বিকাশ এজেন্টের ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মো. আসিফ খরণদ্বীপ স্কুল এলাকায় বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করেন।
তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে।
ভুক্তভোগী আসিফ জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি শ্রীপুর বুড়া মসজিদ পর্যন্ত আসেন। সেখান থেকে কোনো গাড়ি না পেয়ে তিনি হেঁটেই বাড়ির দিকে রওনা দেন।
পথিমধ্যে শান্তি বাজার পার হওয়ার সময় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথরোধ করেন। এ সময় ওই যুবকেরা তাকে ছুরি ঠেকিয়ে পকেটে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তিনি বাধা দিলে তাকে মারধর করা হয় এবং পরে টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। ছিনতাইকারীদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল বলে জানান তিনি।
আসিফ আরও জানান, চার-পাঁচ মাস আগে তিনি নতুন দোকান দিয়ে বিকাশের ব্যবসা শুরু করেছিলেন। সারাদিনের লেনদেনের পুরো টাকাই সেদিন তার পকেটে ছিল। ছিনতাইকারীরা তার সব সম্বল লুটে নিয়ে গেছে।
এ বিষয়ে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি থানা-পুলিশকে অবহিত করেছি। ধারণা করা হচ্ছে, এলাকার কোনো বখাটে বা মাদকসেবী যুবক এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


