উন্নত ও বাসযোগ্য নগর গড়তে হলে কেবল আইন প্রয়োগ কিংবা জরিমানা যথেষ্ট নয়, বদলাতে হবে নাগরিকদের চিন্তাভাবনা-আচরণ ও দৈনন্দিন জীবনযাপন।
সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর দীর্ঘদিনের ক্ষতিকর সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিচ্ছন্নতা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন খাত ও সাধারণ যাত্রী-সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।
আজ শনিবার (২১ নভেম্বর) নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।
সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো বন্ধের কঠোর আহ্বান জানান।
তিনি বলেন, ‘যাত্রীর অনুরোধে চালক হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে দিলে পেছনের গাড়ির চালক অনেক সময় পরিস্থিতি বুঝতে পারেন না। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো বন্ধ হলে যাত্রীরাও টার্মিনাল কিংবা নির্ধারিত স্থানে আসতে অভ্যস্ত হবেন।’
চট্টগ্রামের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরে জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রতিনিয়ত বিভিন্ন দেশের মানুষ আসেন। তাঁরা যখন দেখেন, যত্রতত্র রাস্তা থেকে যাত্রী ওঠানো হচ্ছে, তখন বিশ্বের কাছে আমরা কী বার্তা দিচ্ছি? আমাদের এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।’
পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের আরও দক্ষ ও পেশাদার করে গড়ে তুলতে পারলে বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশে বৈদেশিক মুদ্রা আসবে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক মনে করেন, নান্দনিক চট্টগ্রাম মানে শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণিবিতান নির্মাণ নয়; এর প্রকৃত অর্থ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে আস্থা গড়ে তোলা।
তিনি বলেন, ‘শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করে টেকসই পরিবর্তন সম্ভব নয়। মানুষের মধ্যে নিজস্ব দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে। সরকারি সংস্থার একার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়।’
জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি জানান, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।
গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন দপ্তর, প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। এর ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, খেজুরতলী ও চট্টগ্রাম রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং হোটেল-রেস্তোরাঁয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়।
৩০ বছর আগে যাত্রা শুরু করা বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এখান থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে এবং ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এই টার্মিনাল ব্যবহার করেন।
বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের এই স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখতে শুধু প্রশাসন, চসিক কিংবা সিডিএর দিকে তাকিয়ে থাকলে চলবে না। পরিবহন নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমরা টার্মিনাল পরিষ্কার করে দিয়ে গেলাম। আগামীকাল আবার ময়লা জমলে সেটি পরিষ্কার করার দায়িত্ব আপনাদের।
নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে মানুষের অভ্যাসেও পরিবর্তন আসবে।’ পরিবহন মালিক ও শ্রমিকেরা এ কার্যক্রম অব্যাহত রাখলে চসিক ও সিডিএর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন মালিকদের সতর্ক করে জেলা প্রশাসক বলেন, ‘লাইসেন্সবিহীন কিংবা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ চালকের হাতে গাড়ি তুলে দেবেন না।
চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, নতুন রুটের বাজার বা পথচারীর চাপ সম্পর্কে তাঁর ধারণা আছে কি না এবং গাড়ির ফিটনেস ঠিক আছে কি না-তা মালিককেও নিশ্চিত করতে হবে।
শুধু গাড়ি ভাড়া হলেই যেকোনো রুটে পাঠিয়ে দেবেন না, একটি দুর্ঘটনায় ছয় মাসের লাভ শেষ হয়ে যেতে পারে।’ চালকদের অতিরিক্ত গতি পরিহারের আহ্বান জানানোর পাশাপাশি দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় আশপাশের সড়ক উঁচু করায় বহদ্দারহাট বাস টার্মিনাল নিচু হয়ে পড়েছে।
ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে। তিনি টার্মিনালের ভূমি সড়কের সমতলে উন্নীত করা, বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানান।
পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সড়কে যানজট নিরসনে দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর বসা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী প্রায় ২০ থেকে ২২টি রুটের যানবাহন ও বিপুলসংখ্যক শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন।
জলাবদ্ধতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও জেলা প্রশাসনের এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


