মিরসরাইয়ে বেপরোয়া সোহাগ এলিট বাসের ধাক্কায় পুলিশের টহল গাড়ি চূর্ণবিচূর্ণ

আহত ৬-দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১২:৪৯

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস।

এতে গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুলিশের টহল গাড়িটি দায়িত্ব পালন করছিল।

এ সময় পেছন থেকে আসা সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে টহল গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় টহল গাড়িতে থাকা উপপরিদর্শক (এসআই) মিল্টন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কনস্টেবল শফিকসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় আমাদের ছয়জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রাকিবুল হাসান আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি